Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 13:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১৯-২০২০ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা আগামী ৩১ জুলাই (বুধবার)। ওইদিন সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ মুদ্রানীতি ঘোষণা করা হবে ।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

উল্লেখ্য, প্রতিবছর দুইবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। একবার বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে। আরেকবার বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই মাসে।

মুদ্রানীতির বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা প্রক্ষেপনের মাধ্যমে পরবর্তী ছয় মাসে দেশের সার্বিক গতি প্রকৃতি নির্ধারণ করা হয়। এছাড়া মুদ্রানীতি দেশের দারিদ্র্য বিমোচন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বড় ভূমিকা রাখে। তবে মুদ্রানীতির আরেকটা কাজ হলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা।

২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতিতে সরকারি খাতের প্রবৃদ্ধি বাড়িয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতির ১৬ দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ দশমিক ৫ শতাংশ ধরা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রার তুলনায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অনেক কম হয়েছে। সর্বশেষ জুন মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ২৯ শতাংশ। এ খাতের ঋণ জোগানের প্রক্ষেপণ করা হয়েছিল ১৬ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে, জুলাই থেকে মে পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১৭ শতাংশ। জুন পর্যন্ত সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ১০ দশমিক ৯০ শতাংশ।

(এসএএম/ ২৮ জুলাই ২০১৯)