Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 03:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: গ্রাহকের অভিযোগ গ্রহণসহ বিভিন্ন ধরনের তথ্য সেবা দিতে সব বীমা কোম্পানিকে কলসেন্টার চালুর নির্দেশ দিয়েছে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আগামী ১৪ আগস্টের মধ্যে দেশে ব্যবসা করা কোম্পানিগুলোকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে হটলাইন নম্বর সংগ্রহ করে কলসেন্টার চালু করতে হবে। সেই সঙ্গে হটলাইন নম্বর কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

গত ১৮ জুলাই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সব বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের বীমা খাতকে জনপ্রিয় এবং এর প্রতি জনমনে আস্থা সৃষ্টির উদ্যোগের অভাব রয়েছে। বীমা বিষয়ে জনসাধারণের অনেক জিজ্ঞাসা আছে।

জনসাধারণ জানতে চায় যে- তারা কোথায় বীমা করবে, কীভাবে বীমা করবে, কী ধরনের পলিসি ক্রয় করবে, অভিযোগ থাকলে কোথায় ও কীভাবে অভিযোগ করবে, বীমা করলে কী কী সুবিধা পাবে, যথাসময়ে বীমা প্রিমিয়াম পরিশোধ না করলে ও পলিসি সারেন্ডার করলে কী অসুবিধা হবে এবং বীমা গ্রাহকের বীমা দাবি ও অভিযোগ কীভাবে নিষ্পত্তি হবে।

জনসাধারণকে এ সব বিষয়ে স্বচ্ছ ও সাবলীল ধারণা দিতে প্রত্যেক বীমাকারীর (বীমা কোম্পানি) নিজ নিজ কার্যালয়ে কলসেন্টার স্থাপন করা একান্ত আবশ্যক- বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

এতে বলা হয়েছে, আগামী ১৪ আগস্টের মধ্যে বিটিআরসি থেকে হটলাইন নম্বর সংগ্রহ করে নিজ নিজ প্রতিষ্ঠানে কলসেন্টার স্থাপন করতে হবে। সেই সঙ্গে বিটিআরসির দেয়া হটলাইন নম্বর কোম্পানির ওয়েবসাইটে প্রদর্শনসহ প্রচারের ব্যবস্থা করতে হবে। ২০ আগস্টের মধ্যে হটলাইন নম্বরসহ কলসেন্টার স্থাপনের বিষয়টি আইডিআরএকে জানাতে হবে।

(এসএএম/ ২৮ জুলাই ২০১৯)