Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 23:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোলে ৪০ হাজার ৪’শ মার্কিন ডলার ও ১৩ লক্ষ ভারতীয় রুপিসহ এক নারী হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার রাতে বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, ঈদের লম্বা ছুটিতে ভারতে ভ্রমন শেষে বাংলাদেশী নাগরিকগণ দেশে প্রত্যাবর্তনের সময় সৃষ্ট ভিড়ের আড়ালে অসাধু চোরাকারবারীরা হুন্ডি, মাদক ও স্বর্ণ পাচার করতে পারে এই ধারনা থেকে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।

যার ফলশ্রুতিতে গতকাল ১৭ আগস্ট  রাত দশটায় আমড়াখালী চেকপোষ্টে বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় ঢাকাগামী দেশ ট্রাভেলস এর বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৮৮১৬) তল্লাশি করে ৪০ হাজার ৪০০ মার্কিন ডলার ও  ১৩ লক্ষ ভারতীয় রুপসহ ০১ জন মহিলা হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ডলার এবং ভারতীয় রুপির মূল্য বাংলাদেশী প্রায় ৪৯ লক্ষ ৯৪ হাজার টাকা।

আটককৃত আসামী সুরাইয়া বেগম (৫০), হাউজ নং ৪১, রোড নং ৯, তুরাগ, উত্তরা, ঢাকার মোঃ শাহ আলমের স্ত্রী। আটককৃতকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সুরাইয়া বেগম নিয়মিত ভারত, মালয়েশিয়া, সিংগাপুর এবং সৌদি আরবে যাতায়াত করে। ইতিমধ্যেই তিনি ভারতে প্রায় ১২ বার, মালয়েশিয়ায় ৭-৮ বার, সিংগাপুরে ৬-৭ বার এবং সৌদি আরবে ২-৩ বার যাতায়াত করেছেন। তিনি মূলতঃ স্বর্ণ পাচারের সাথে জড়িত। তিনি ভারতে স্বর্ণ পাচার করে পেমেন্ট নিয়ে বাংলাদেশে আসার সময় বিজিবি’র অভিযানে ধৃত হন বলে বিজিবি জানায়।

(এমআই/এসএএম/ ১৮ আগস্ট ২০১৯)