Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 20:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি মৌসুমে লা লিগায় আবার মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি হয়ে উঠতে পারে এবারের স্প্যানিশ লিগের শিরোপা নির্ধারক। কেননা এবার পয়েন্ট টেবিলের শীর্ষে বেশ মজবুতভাবেই অবস্থান করছে রিয়াল। বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে রিয়াল। ৩১ ম্যাচে জিনেদিন জিদানের দলের পয়েন্ট ৭৫। এক ম্যাচ বেশি খেলা কাতালান ক্লাবটির পয়েন্ট ৭২।

রবিবার (২৩ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।

শিরোপার দাবিদার দুই দলের মুখোমুখি লড়াইয়ের চেয়েও ম্যাচটি আরও বেশি কিছু। এটা সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ। যেখানে গোলদাতার তালিকায় রিয়াল ফরোয়ার্ডের চেয়ে ভালোভাবেই এগিয়ে বার্সেলোনা তারকা।

লড়াইটা মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে যাওয়া কোচ লুইস এনরিকের জন্যও বিশেষ কিছু। খেলোয়াড়ী জীবনে রিয়ালের হয়ে পাঁচ বছরের ক্যারিয়ারে একটি লিগসহ মোট তিনটি শিরোপা জিতেছিলেন তিনি। পরে বার্সেলোনায় যোগ দেন এবং সেখানে আট বছরের ক্যারিয়ারে দুটি লা লিগাসহ মোট সাতটি শিরোপা জিতেন স্পেনের সাবেক এই মিডফিল্ডার।

অন্যদিকে, কাতালানদের বিপক্ষে ম্যাচটি অবশ্যই জিততে হবে এমন চাপ নিতে চান না ফরাসি কোচ জিনেদিন জিদান। এমনকি বার্নাব্যুতে যদি দল হেরে যায় তারপরও শিরোপার সুযোগ থাকবে বিশ্বাস তার। এ ম্যাচকে শিরোপা নির্ধারক মানছেন না জিদান, তবে গুরুত্বপূর্ণ স্বীকার করতেই হচ্ছে তাকে। লিগে সব মিলিয়ে ৭টি ম্যাচ বাকি উল্লেখ করে জিদান বলেছেন, ‘(বার্সেলোনাকে হারানো) এর মানে এই নয় যে লা লিগার প্রতিদ্বন্দ্বিতা শেষ। এটা আরও একটি ম্যাচ, এর পর আছে আরও ছয়টি।’

তিন পয়েন্ট অর্জনই আসল লক্ষ্য রিয়াল কোচের, ‘এটা সবসময় বিশেষ ম্যাচ। ডার্বির মতো, কিন্তু একটু ভিন্নতা আছে। এখন পর্যন্ত উদ্দেশ্য একই, সেটা হলো ৩ পয়েন্ট। একটি ম্যাচে কী হতে পারে কেউ জানে না। যেমনটা গত মঙ্গলবার প্রথম লেগ জেতার পর আমরা ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গেলাম।’

(এমআইআর/ ২৩ এপ্রিল ২০১৭)