Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 23:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অবশেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

র‌্যাব জানায়, চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমান কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম সম্রাটকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা সূত্র জানায়, যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে তাদের নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর চৌধুরী বাড়ি থেকে রাতে সম্রাটকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও গণমাধ্যমকে ব্রিফিং করা হয় নি। সম্রাটের সঙ্গে তার সহযোগী আরমানও গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।

রোববার সকাল পৌনে ৯টার দিকে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের নলেজে নাই।

এ ব্যাপারে র‌্যাব- ১১ এর কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ মহিতুল ইসলাম রোববার সকাল সকাল ৯টায় বলেন, এ বিষয়ে কুমিল্লা র‌্যাব কিছুই জানে না। হয়তোবা ঢাকার র‌্যাব তাকে গ্রেফতার করতে পারে। আবার নাও করতে পারে।

প্রসঙ্গত আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকার জুয়াড়িদের কাছে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত। জুয়া খেলাই তার পেশা ও নেশা। প্রতিমাসে ঢাকার বাইরেও যান জুয়া খেলতে।

(এমআইআর/ ০৬ অক্টোবর ২০১৯)