Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 13:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দুর্নীতি দমন ইউনিটের কাছে জুয়াড়িদের ব্যাপারে তথ্য গোপন রাখার অপরাধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দু’বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে। তবে নিজের দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে সাকিবের।

সাকিবের এমন নিষেধাজ্ঞায় ব্যথিত তার অগণিত ক্রিকেট ভক্তরা। এমনকি সাকিবের সতীর্থরাও। সাকিবের এ দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সামাজিত যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মাশরাফি লিখেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভাষ্য তুলে ধরেছেন সাকিবের সাথে দীর্ঘদিন ধরে খেলে আসা বাংলাদেশের উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারের পর সাকিবকে জড়িয়ে ধরে কান্নার সেই মুহূতের্র ছবি পোস্ট মুশফিক লিখেন, ‘বয়স ভিত্তিক ও আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে ১৮ বছর খেলার পর, মাঠে তোমাকে ছাড়া খেলার কথা ভাবা খুবই কষ্টদায়ক। আশা করি, তুমি চ্যাম্পিয়নের মতো ফিরে আসবে। তোমার প্রতি আমার এবং পুরো বাংলাদেশের সমর্থন রয়েছে। ভেঙে পড়ো না, ইনশাল্লাহ।’

(এমআইআর/ ৩০ অক্টোবর ২০১৯)