Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 20:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : জালিয়াতি ও প্রতারণা মামলায় আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর নামে নরসিংদী জেলা আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টায় তাকে নরসিংদী সদর মডেল থানায় হস্তাস্তর করে সিআইডি।

গ্রেপ্তারকৃত আতাউর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সুইডেন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে পুলিশের নিকট দাবী করেছে।

পুলিশ জানায়, আতাউর রহমান নরসিংদীর একজন ভূমিদস্যু। তাঁর বিরুদ্ধে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে নরসিংদীতে শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মানুষের জমি দখল ও প্রতারণার অভিযোগ রয়েছে। নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় অবস্থিত শতকোটি টাকা মূল্যের মোল্লা স্পিনিং মিলটি সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক দখল করে নিয়ে সুইডেন বাংলা টেক্সটাইল নামকরণ করে পরিচালনা করে আসছে সে। এ ঘটনায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সোনালী ব্যাংক ঋণ খেলাপীর দায়ে শিল্পপ্রতিষ্ঠানটির অবৈধ দখলদার আতাউর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ বেলাল হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় দখলদার উচ্ছেদের দাবী জানানো হয়।

প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও সুইডেন আতাউরের প্রভাব ও নানা তদবীরে তা বাধাগ্রস্ত হয়। এরই প্রেক্ষিতে মামলাটি সিআইডিতে স্থানাস্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি তাকে গ্রেপ্তার করে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এস.এম রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত আতাউরকে জালিয়াতি ও প্রতারণা মামলার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান আতাউর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডি রাতেই তাকে নরসিংদী নিয়ে এসে আমাদের কাছে হস্তান্তর করেন। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(এসএইচআর/এসএএম/ ০২ নভেম্বর ২০১৯)