Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 20:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে তার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার সর্বস্তরের জনগণ।

শুক্রবার সকাল ৭টায় প্রয়াত মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলী এমপি মেয়ে সালফি ও ছেলে নাজা এবং পরিবারের লোকজনকে সাথে নিয়ে নরসিংদী পৌর ঈদগায় মেয়র লোকমান হোসেনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন তারা। পরে পর্যায়ক্রমে সর্বস্তরের লোকজন শ্রদ্ধা নিবেদন করে। জুম্মার নামাজের পর নরসিংদী শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এদিকে উচ্চ আদালত মেয়র লোকমান হত্যা মামলার পূন:তদন্তের নির্দেশ দিলেও দুই বছরের অধিক কাল অতিবাহিত হলেও তেমন কোন অগ্রগতি হয়নি।

মেয়র লোকমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জনবন্ধু লোকমান ফাউন্ডেশন ৫ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-  পৌর কববস্থানে লোকমানের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। মিলাদ, দোয়া, গণভোজ ও স্মরনসভা।

উল্লেখ্য, ২০১১সালের এই দিনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ঢুকে নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ভাই বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান বাদী হয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এর মধ্যে মামলার অভিযোগপত্র অনুযায়ী ওই হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী এক আসামি মোবারক হোসেন মোবা বিদেশে পলাতক ছিলেন। হত্যাকান্ডের সাত বছর পর লোকমান হত্যার ৭ম বাষির্কীর আগের দিন দেশে আসার পর (৩১ অক্টোবর ২০১৮) হত্যার মূল পরিকল্পনাকারী মোবারক হোসেন মোবা গ্রেফতার করেছে পুলিশ। বাকি ১৩ জনের সবাই  জামিনে বেরিয়ে আসেন। পুলিশ হত্যাকান্ডের প্রায় আট মাস তদন্ত করে ২০১২ সালের ২৪ জুন সালাউদ্দিনসহ এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়। এজাহারভুক্ত দুই নম্বর আসামি নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুল মতিন সরকার, তাঁর ছোট ভাই শহর যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম সরকারসহ ১২ জনকে অভিযুক্ত করা হয়।

পুলিশের দেওয়া অভিযোগপত্রের প্রতি অনাস্থা জানিয়ে ২০১২ সালের ২৪ জুলাই নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে নারাজি দেন মামলার বাদী কামরুজ্জামান। আদালত ২৫ জুলাই নারাজি আবেদন খারিজ করে অভিযোগপত্র বহাল রাখেন। পরবর্তীতে ২৮ আগস্ট নারাজি আবেদন খারিজের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন বাদী। আদালত ২ সেপ্টেম্বর সেই আবেদন গ্রহণ করে ৪ নভেম্বর শুনানি শেষে ফের নারাজি আবেদন খারিজ করেন। আবেদন খাজির হওয়ার পর উচ্চ আদালতের স্মরণাপন্ন হয় মামলার বাদী নিহত লোকমানের ছোট ভাই বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। উচ্চ আদালত হতে এই চাঞ্চল্যকর মামলাটির পূন:তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতে এ নির্দেশনা দুই বছরের অধিক কাল অতিবাহিত হলে মামলা তেমন কোন অগ্রগতি পরিলক্ষিত হয়নি।

পৌরবাসীর প্রিয়জন লোকমান মেয়র নির্বাচিত হওয়ার পর অবহেলিত নরসিংদী পৌরসভাকে নতুন করে সাজিয়েছিলেন। মেয়র লোকমান নরসিংদী পৌরসভায় ১শকোটি টাকারও বেশি উন্নয়ন কাজ করে শহরকে সুন্দর ও আধুনিক করে সাজানো এবং ট্যাক্স আদায়ে সরকারের পৌরসভা পারফরম্যান্স রিভিউ কমিটির বিবেচনায় ২০০৬ সালে নরসিংদী পৌরসভা শ্রেষ্ঠ স্থান দখল করে ছিলেন। ২০০৮ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিবেচনায় বাংলাদেশের শ্রেষ্ঠ মেয়রের পুরস্কার লাভ করেন। দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার মাত্র আট মাসের মাথায় ২০১১ সালের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে হত্যাকান্ডের শিকার হন।

(এসএএম/এসএএম/ ০২ অক্টোবর ২০১৯)