Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 01:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এভিপি) শাহাবুদ্দিন চৌধুরীর দুর্নীতির মামলা বাতিলের আবেদন উপস্থাপন হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে, এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন বলে ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান।

তিনি জানান, ‘তার বিরুদ্ধে মামলা চলবে। জাল দলিল দাখিল করে দি সিনফা নিটাস লিমিটেড নামীয় কোম্পানি খুলে ব্যাক টু ব্যাক এলসি খোলার নিশ্চয়তা নিয়ে ব্যবসা পরিচালনা করে ন্যাশানাল ব্যাংকের দুই কোটি উনষাট লক্ষ চল্লিশ হাজার টাকা পরিশোধ না করে আত্মসাৎ করায় দুদকের দায়ের করা মামলায় অন্য পলাতক পাঁচ আসামি ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবদুল ওদুদ খান, কোম্পানির চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং, এমডি খসরু আল রহমান, পরিচালক মনসুরুল হক, মো. গোলাম মোস্তফাকে গ্রেফতারে আদেশ দেয়া হয়েছে। তারা যাতে বিদেশে পালাতে না পারে সেই জন্য পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আজ হাইকোর্ট।’

আজ আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু, দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী এটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

ঘটনার বিবরণের দেখা যায়-দি সিনফা নিটাস লিমিটেড কোম্পানি প্রতারণা ও জাল দলিল সৃৃৃজন করে ন্যাশনাল ব্যাংক দিলকুশা শাখার উল্লেখিত টাকা আত্মসাৎ করায় দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন ২০১৭ সনের ১৭ জুন ৬ জনকে আসামি করে মতিঝিল থানার মামলা দায়ের করে। মামলার তদন্ত করে ২০১৮ সনের ২৪ জুন অভিযোগ পত্র দাখিল করা হয়। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচারাধীন আছে।

(এমআইআর/ ০৬ নভেম্বর ২০১৯)