Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 03:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্ধ থাকা দেশের বিমান ও ফেরি চলাচলে কোনো বাধা নেই। তবে লঞ্চ, মাছ ধরা নৌকা-ট্রলার এখনই চলাচল করতে পারবে না। লঞ্চ চলাচলের উপযোগী অনুকূল আবহাওয়া না থাকায় সেন্টমার্টিনে আটকা থাকা পর্যটকরা আজই ফিরতে পারছেন না।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদফতরে প্রতিষ্ঠানটির পরিচালক শামসুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

শামসুদ্দিন আহমেদ বলেন, ‘বিমান যোগাযোগ স্বাভাবিকভাবে চালানো যাবে। বিমান যোগাযোগে আর কোনো অসুবিধা নেই।’

তিনি বলেন, ‘সেন্টমার্টিনে প্রায় ১২শ পর্যটক আটকে আছে। সেন্টমার্টিনে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত চলছে। এই অবস্থায় সেন্টমার্টিন থেকে লঞ্চ চলাচল করে না। ৩ নম্বর সতর্কতা উঠে গেলে চলাচল করবে।’

আবহাওয়া অধিদফতরের এই পরিচালক বলেন, ‘এটিও বেশিক্ষণ থাকবে না। আগামী ৫ থেকে ৬ ঘণ্টা বা তার আগেও ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত হয়ে যেতে পারে। ১ নম্বর হয়ে গেলে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে। আর ফেরি চলাচল নিরাপদ আছে। ফেরি আকারে বড় হওয়ায় সমস্যা নেই।’

তিনি বলেন, মাছ ধরার নৌকা ও ট্রলারকে আরও ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছি। কারণ এখনও একটা স্থল নিম্নচাপ আছে। তার কারণে সমুদ্র এখনও উত্তাল আছে। পুরোপুরি শান্ত হওয়ার আগ পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলার নিরাপদ আশ্রয়ে থাকবে।

(এমআইআর/এসএএম/ ১০ নভেম্বর ২০১৯)