Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 02:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দুর্নীতির মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

আগামী ১৭ নভেম্বর পর্যন্ত তার জামিন স্থগিত করা হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৪ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দিয়েছিলেন। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। শুনানি শেষে আজ স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগে লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর আসামি হলেন-জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

গত ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর তা নামঞ্জুর করেন আদালত। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

(এমআইআর/ ১১ নভেম্বর ২০১৯)