
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৯ সালের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের লক্ষ্য হাতে নিয়েছে তুরস্ক ও জাপান। নতুন বছরে উভয় পক্ষ চুক্তিতে স্বাক্ষরের আশা করছে বলে শনিবার এক ঘোষণায় জানান তুরস্ক সরকারের এক মন্ত্রী। খবর আনাদোলু এজেন্সি।
জাপানের নাগইয়াতে জি২০-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মেভলুত কাভুসোগলু জানান, চলতি বছরের শেষ নাগাদ জাপান-তুরস্ক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) ঘোষণা করবে উভয় পক্ষ।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী মতেগি তসিমিত্সুর সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানান কাভুসোগলু। বাণিজ্য চুক্তির ওপর বিশেষ জোর দিয়ে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে।
টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টাইকা) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা), দুটির মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তির ব্যাপারেও ঐকমত্যে পৌঁছার কথা জানান কাভুসোগলু।
জাপানের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়ন হলে উভয় দেশের মধ্যে বৈদেশিক বাণিজ্য বাড়বে এবং তা ভারসাম্যপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
জাপান থেকে সরাসরি কাতার সফরে যাবেন কাভুসোগলু। সেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বাধীন তুর্কি প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হবেন এবং কাতারের সঙ্গে কৌশলগত কমিটি মিটিংয়ে অংশ নেবেন তিনি।
( এসআর / ২৫ নভেম্বর ২০১৯)