
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের বিনিয়োগকারীদের লেনদেনের সুবিধার্থে খুব শিগগীরই মোবাইলে এসএমএসের মাধ্যমে বিও হিসাব খোলাসহ আটটি সেবা চালু হতে যাচ্ছে। এসব সেবা বিনা মূল্যে পাবেন বিনিয়োগকারীরা।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) ৭১০তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাশেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) আবেদনের প্রেক্ষিতে উল্লেখিত বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
এরফলে বিনিয়োগকারীরা বিও হিসাব খোলার পাশাপাশি, বিও হিসাবে লিংক অ্যাকাউন্ট খোলা, বিনিয়োগকারীদের নাম পরিবর্তন, ব্যাংক হিসাব পরিবর্তন, ব্যাংকের নাম পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, বিও হিসাব বন্ধ এবং মার্জিন বিও থেকে নন-মার্জন বা নন-মার্জিন থেকে বিওতে রূপান্তরের তথ্য এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।
উল্লেখিত সেবাগুলো খুব শিগগীরই চালু হবে এবং বিনিয়োগকারীরা তা বিনা মূল্যে পাবেন। এছাড়াও বিও হিসাবের সিকিউরিটিজ ডেবিট ও ক্রেডিট হওয়া সংক্রান্ত সেবা এসএমএস সার্ভিস বর্তমানে চালু রয়েছে-তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নতুন এসব সেবা চালু হলে বিও হিসাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল বিষয়ে তথ্য হিসাবধারীরা জানতে পারবেন। তবে উক্ত সেবা পাওয়ার জন্য বিও হিসাবে নিজের মোবাইল নম্বর দেওয়া খুবই জরুরি। তাই সকল বিনিয়োগকারীদের বিও হিসাবের নিরাপত্তার স্বার্থে বিও হিসাবে সঠিক মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু, বর্তমানে বহু কোম্পানি দেশের প্রচলিত পেমেন্ট সিস্টেম ব্যবহার করে নগদ লভ্যাংশ প্রেরণ করে থাকে, তাই সঠিক ব্যাংক হিসাব নম্বর বিও হিসাবে থাকা জরুরী। অন্যাথায় বিনিয়োগকারীরা লভ্যাংশ পেতে ভোগান্তির শিকার হতে পারেন।
এছাড়া বর্তমানে অনেক কোম্পানি ই-মেইলের মাধ্যমে এজিএমের নোটিস ও বার্ষিক প্রতিবেদন পাঠায়। তাই একই সাথে সম্মানিত বিনিয়োগকারীদের বিও হিসাবে সঠিক মোবাইল নম্বর, ব্যাংক হিসাব এবং ই-মেইল (যদি থাকে) সন্নিবেশিত করতে অনুরোধ জানানো হবে।
(এমআই/এসএএম/১০ ডিসেম্বর ২০১৯)