নাটকে প্রথমবার একসঙ্গে তাহসান-পূর্ণিমা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অভিনেত্রী পূর্ণিমাকে শুধু বিশেষ দিবসের নাটকেই অভিনয় করতে দেখা যায়, ঠিক যেমনটা গায়ক-অভিনেতা তাহসান খানের ক্ষেত্রেও। এ দুই শিল্পীকে নিয়ে এর আগে বেশ কয়েকজন নির্মাতা নাটক নির্মাণের চেষ্টা করলেও ব্যাটে বলে মেলেনি। যে কারণে তাহসান-পূর্ণিমারও একসঙ্গে অভিনয় করা হয়ে ওঠেনি। তবে এবার সে বাধা কাটতে যাচ্ছে। নাট্যকার ও পরিচালক সাগর জাহান তাদেরকে নিয়ে প্রথমবারের মতো একটি নাটক নির্মাণ করছেন। নাম ‘ভালো বাসাবাসি’। গতকাল থেকে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, ‘কখনো কখনো কারো অতি যত্ন বিরক্ত লাগে অনেকের। কিন্তু সেই ব্যক্তিই আবার অন্য মানুষের সান্নিধ্য পেতে চায়। ঠিক তখন আসলে বেরিয়ে আসে মানুষটি কেমন ভালোবাসা প্রত্যাশা করে—এমন বিষয়কে উপজীব্য করে নাটকটি নির্মাণের চেষ্টা করছি।’

নাটকে আদর চরিত্রে অভিনয় করছেন তাহসান এবং তার বিপরীতে মিসিসিপি চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। নাটকে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এর আগে সাগর জাহানের রচনায় অন্য নির্মাতার পরিচালনায় অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম সাগর ভাইয়ের পরিচালনায় কাজ করছি। তাহসানের সঙ্গেও এবারই প্রথম নাটকে কাজ করছি। আশা করছি, কাজটি বেশ উপভোগ্য হয়ে উঠবে।’ অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান বলেন, ‘পূর্ণিমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। নিঃসন্দেহে তিনি গুণী একজন শিল্পী। দর্শক তার কাজ বেশি দেখতে চান। সেই দর্শকের জন্যই আমার এবং পূর্ণিমার বিশেষ এই নাটক ভালো বাসাবাসি।’ সাগর জাহান জানিয়েছেন, আগামী ভালোবাসা দিবসে নাটকটি অনলাইন টিভি ‘গ্লোবাল টিভি’তে প্রচার হবে।

(এসআর /১৯ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)