সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু ও তার দুই কন্যা নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া লরির ধাক্কায় দুটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই দুই শিশু মারা যায়।পরে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংক কর্মকর্তাও প্রাণ হারান।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই কাউছার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি বেপরোয়া লরির ধাক্কায় প্রাইভেটকারের দুই শিশু নিহত হয়। বাকিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুর্ঘটনায় আহত তিনজনকে চমেকে ভর্তি করা হয়। তাদের মধ্যে হলেন- সাইফুজ্জামান মিন্টু বেলা সাড়ে ১১টার দিকে মারা গেছেন।’

জানা গেছে, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাইফুজ্জামান মিন্টু বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক। এছাড়া হাসপাতালে ভর্তি বাকি দুইজন হলেন- নিহত মিন্টুর স্ত্রী কনিকা আক্তার ও ছেলে মন্টি। ঘটনাস্থলে নিহত দুই শিশু তাদেরই সন্তান। পরিবারটি প্রাইভেটকারে বান্দরবান থেকে ঢাকা ফিরছিল।

(এসআর/এসএএম/২৮ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)