ডিএসইতে মোবাইল অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ডিএসইতে মোবাইল অ্যাপ চালুর পর ক্রমবর্ধমান হারে মোবাইলে লেনদেন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলছে। ২০১৯ সালে এ বাজারে মোবাইলে লেনদেন করা বিনিয়োগকারীর সংখ্যা ৫১ হাজার ১৯৯ জনে উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০১৯ সালে মোবাইলের মাধ্যমে বিনিয়োগকারীরা মোট ৭০ লাখ ৯৬ হাজার ৮৭৮টি আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ৪৯ লাখ ৬১ হাজার ৬২৯টি আদেশ কার্যকর হয়৷
ডিএসই আরও জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোত্তম সুবিধা বিনিয়োগকারীর দোরগোড়ায় পৌঁছাতে সর্বদা সচেষ্ট। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের লেনদেনকে করেছে সর্বাধুনিক ও সহজসাধ্য। মোবাইলের মাধ্যমে লেনদেন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
উল্লেখ্য, দেশের পুঁজিবাজার বিকাশের ক্ষেত্রে ৯ মার্চ ২০১৬ তারিখে সংযোজন হয় ডিএসই–মোবাইল অ্যাপ।
(এসআর/এসএএম/০১ জানুয়ারি ২০২০)



