এডিএন টেলিকমের শেয়ারে লাভবান হবেন বিনিয়োগকারীরা: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে সদ্য তালিকাভূক্ত কোম্পানি এডিএন টেলিকমের শেয়ারে বিনিয়োগকারীরা লাভবান হবেন বলে আশ্বস্ত করেছেন কোম্পানিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।
তিনি বলেন, এডিএন টেলিকমের ব্যবসা দেশ-বিদেশে বিস্তৃত। আমরা আমাদের গ্রাহক ও কাস্টমারদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে কাজ করে থাকি। ফলে প্রতিষ্ঠার পর থেকেই কোম্পানিটি বেশ সুনাম ও লাভে রয়েছে। আর পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে আমরা বিনিয়োগকারীদের লাভের সঙ্গে সম্পৃক্ত করতে চাই।
দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে এডিএন টেলিকম।
লেনদেন শুরুর পর সিএসইতে এক মতবিনিময় সভায় কোম্পানিটির চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কমপ্লায়েন্স ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আর আমাদের গ্রুপের সব কোম্পানিতেই কর্পোরেট গভর্ন্যান্স কোড পরিপালনের সর্বোচ্চ চেষ্ঠা করা হয়। ফলে এডিএনের শেয়ারে বিনিয়োগকারীদের লোকসানের কোনো সম্ভাবনা নাই। আমরা দৃঢ আম্বস্ততার সঙ্গে বলতে পারি যে, এ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা লাভবান হবেন।
এসময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন, পরিচালক ওয়াকার আহমেদ চৌধুরী, প্রধান হিসাব কর্মকর্তা মো: এনায়েত হোসেন, কোম্পানি সচিব মো: মনির হোসেন, ইস্যু ম্যানেজার আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ভারপ্রাপ্ত এমডি সোহেল রহমান, স্যাটকম আইটি ও রুটস ইনভেস্টমেন্টের প্রতিনিধিসহ অনান্য কর্মকর্তা এবং সিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসআর/ এসএএম/ ০৬ জানুয়ারী ২০১৯)



