নরসিংদীতে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) এর ক্ষণগণনা শুরু
হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২০) ঐতিহাসিক এ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, নরসিংদীর উদ্যোগে এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন-এঁর প্রত্যক্ষ নির্দেশনায় এবং জাতীয় অনুষ্ঠানসূচির আলোকে নরসিংদী জেলায় বিস্তারিত কর্মসূচি গৃহীত হয়।
শুক্রবার বিকাল ৪.৩০ টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) এর ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বাঙালির জয়গান গেয়েছেন উল্লেখ করে উপস্থিত জনতার উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এই অনন্যসাধারণ রাষ্ট্রনায়কের জীবনী নিয়ে গবেষণা করার জন্য নতুন প্রজন্ম ও সরকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আহবান জানান। পরবর্তীতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন।
(রনক/ শামীম/ ১১ জানুয়ারি ২০২০)



