বিমানবন্দরে সেবার মান আরও উন্নত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিমানবন্দরে সেবার মান বাড়াতে হবে। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের সেবার মান আরও উন্নত করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
শনিবার ঢাকার আর্মি গলফ ক্লাবে প্লাম ভিউ রেস্টুরেন্টে এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত ‘দেশীয় এয়ার লাইন্সের বর্তমান সমস্যা এবং সম্ভাবনা’শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিমানবন্দরে যাতায়াতের সময় যাতে কোন যাত্রী হয়রানি না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন। দেশ এগিয়ে গেলেও বিমানবন্দরে অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এয়ার লাইন্সগুলো এখনও ভালো করতে পারেনি। অনেক এয়ার লাইন্স কাজ শুরু করলেও প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এখন টিকে আছে মাত্র তিনটি। তাদের সহযোগিতা দিতে হবে। এগুলোর অগ্রযাত্রায় যাতে কোন বাধার সৃষ্টি না হয়, সে বিষয়ে বাস্তব সম্মত সিদ্ধান্ত নিতে হবে।
মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশীয় এয়ার লাইন্সগুলো এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। মানুষ এখন সময় বাঁচানোর জন্য আকাশ পথ ব্যবহার করছে। এছাড়া বিভিন্ন কাজে মানুষ এখন হেলিকপ্টার ব্যবহার করছে। মানুষ এগুলো ব্যবহারের সক্ষমতা অর্জন করেছে। এয়ার লাইন্সগুলোকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বেসরকারি পর্যায়ে এয়ার লাইন্সগুলোর বিপুল সম্ভাবনা রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। এ জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন। দেশে এ সেক্টরে দক্ষজনশক্তি গড়ে তোলার জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ হাতে নেয়া হয়েছে। এয়ার লাইন্সগুলোকে কার্যকরভাবে পরিচালনার জন্য জ্বালানির মূল্য যুক্তিসংগত পর্যায়ে নিয়ে আসা উচিত। ভ্যাটসহ অন্য ক্ষেত্রে ন্যায় সংগত সিদ্ধান্ত নিতে হবে, তবেই এয়ার লাইন্সগুলো ভালোভাবে চলতে পারবে।
এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নভো এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল ইহসানুল গণি চৌধুরী এবং অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব মাসুদুর রহমান।
(এসএএম/ ২৯ এপ্রিল ২০১৭)



