ধনবাড়ীতে সরিষার বাম্পার ফলনের আভাস

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে এবার বিভিন্ন উন্নত জাতের সরিষা আবাদ করা হয়েছে। এসবের মধ্যে বারি-১৪ ও ১৭ জাতসহ বিভিন্ন স্থানীয় জাত রয়েছে। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। আর ফুল থেকে সরিষার ছেঁই গজিয়ে বাম্পার ফলনের আভাস দিচ্ছে।

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে এ উপজেলায় সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এ উপজেলায় ৯৯০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার এ উপজেলায় চলতি মৌসুমে ১ হাজার ২শ’হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। যা গত বছরের চেয়ে এবার ২শ’১০ হেক্টর জমিতে সরিষা বেশি আবাদ হয়েছে। মোট আবাদকৃত জমির মধ্যে ৩৭০ হেক্টর জমিতে বারি-১৪ ও ১৭ জাতের সরিষা সবচেয়ে বেশি চাষ করা হয়েছে।

ধান চাষ করে প্রতিবারই লোকসান গুনার কারনে কৃষকরা সরিষা আবাদে লাভজনক হওয়ায় ঝুঁকে পড়েছ সরিষার আবাদের দিকে। সরিষা আবাদ করে এ উপজেলায় সাবলম্ভী হয়েছেন অনেক কৃষকও। অপরদিকে স্থানীয় কৃষি বিভাগ সরিষা চাষে কৃষকদেরকে উৎসাহিত করার নানাভাবে প্রণোদনা দিয়েছেন। এরই প্রেক্ষিতে ১৬০ জন কৃষককে প্রতি বিঘার জন্য ১০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার এবং ১ কেজি করে বীজ বিনামূল্যে প্রদান করেছেন।

স্থানীয় কৃষক অকিল উদ্দিন জানান, সরিষা বীজ বপনের ২ মাসের মধ্যেই সরিষা ঘরে উঠে আসে। সরিষা উঠিয়ে বোরো চাষ করতে কোন সমস্যা হয় না এবং তাতে করে বোরো ধানের ফলনও বেশি হয়। আর সরিষার আবাদ করা মানেই অতিরিক্ত লাভের মুখ দেখা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, জমির অবস্থানুযায়ী কৃষকদের সঠিক মাত্রায় সার ও কীটনাশক দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করতে ১৬০ জন কৃষককে বিনা মুল্যে ২ ধরণের সার ও বীজ দেয়া হয়েছে। তাই এবার ফলন ইনশাল্লাহ ভালো হবে বলে আশা করছি।

(এমআর/এসএএম/৩০ জানুয়ারি ২০২০)


Comment As:

Comment (0)