বেনাপোলে ৩০টি স্বর্ণের বারসহ আটক ২
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোলের বড় আচড়া গ্রাম থেকে শনিবার সকালে ৩০টি সোনার বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো ইকবাল হোসেন ও ওমর ফারুক। তাদের উভয়ের বাড়ি পোর্ট থানার বড় আচড়া গ্রামে।
শনিবার দুপুরে বিজিবির যশোর ঝুমঝুমপুরস্থ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান যশোর ব্যাটালিয়নের (৪৯) বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা, পিএসসি।
ব্রিফিংএ তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে বেনাপোল বিওপির নায়েক মো. নুরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানে বড় আচড়ার ভাংগার মোড় থেকে ৩ কেজি ৪০০ ৯৮ গ্রাম ওজনের ৩০টি সোনার বারসহ ওই দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার দাম ২ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(মনিরুল/ শাহরিয়ার /৮ ফেব্রুয়ারি, ২০২০)



