করপোরেট গভর্ন্যান্স কোড বাস্তবায়নে হার্ডলাইনে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অবশেষে বাধ্যতামূলক হলো করপোরেট গভর্ন্যান্স কোড (সিজিসি)। ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন চড়াই-উৎড়াই আর নানা আলোচনা-সমালোচনা পেরিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে গেলো এ আইন।
এরফলে এখন থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রণীত করপোরেট গভর্ন্যান্স কোড বাধ্যতামূলকভাবে পরিপালন করতে হবে। অন্যথায় আর্থিক জরিমানাসহ ডি-লিস্টিং কিংবা স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ার লেনদেন স্থগিতের মতো শাস্তি দেওয়া হবে।
সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত ‘করপোরেট গভর্ন্যান্স কোড’ বাধ্যতামূলক করে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, এর আগে করপোরেট গভর্ন্যান্স কোড যথাযথভাবে পরিপালনের জন্য কিছু সংযোজন ও সংশোধন করার জন্য বিএসইসির ৭১৬তম কমিশন সভায় অনুমোদিত হয়।
বিএসইসির জারি করা নোটিফিকেশনে বলা হয়েছে, সিজিসির সংযোজন এবং সংশোধনের মধ্যে সকল ইস্যুয়ার কোম্পানি কর্পোরেট গভর্ন্যান্স কোড এর কোন বিধান বাধ্যতামূলকভাবে পরিপালনে কোন অস্বীকৃতি বা ব্যর্থতা বা লঙ্ঘন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর অধীন শাস্তিযোগ্য হিসাবে পরিগণিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অন্যান্যের মধ্যে অ-তালিকাভুক্তকরণ (ডি-লিস্টিং) বা শেয়ারের লেনদেন স্থগিতকরণ করা হবে।
এদিকে এই কোডের আরেকটি উল্লেখযোগ্য সংশোধন হলো-এখন থেকে কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের নিয়োগ বা পুন:নিয়োগের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরকে প্রদত্ত পরিচালকের প্রতিবেদনে, তালিকাভুক্ত কোম্পানির পরিচালকগণ তাদের জীবন বৃত্তান্তের সাথে অন্য যে সকল কোম্পানিতে পরিচালক হিসেবে বা অন্য কোনো পদে নিয়োজিত আছেন তার বৃত্তান্ত প্রদান করবেন।
(শামীম/০৯ ফেব্রুয়ারি ২০২০)



