দর্শক টেনেছে শাকিব খানের সিনেমা ‘বীর’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলতি বছরের অন্যতম আলোচিত ছবি শাকিব খান অভিনীত ‘বীর’। নতুন বছরের এটিই এই সুপারস্টারের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। ছবিটির পোস্টার, ট্রেলার প্রকাশের পর বেশ আলোচনা সৃষ্টি হয় ছবিটিকে কেন্দ্র করে। যার ফলে শুরু থেকে আশা করা যাচ্ছিলো ‘বীর’ ছবিটি বেশ ব্যবসা সফল হবে।

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ৮০ সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। ভালোবাসা দিবস ও বসন্ত ঘিরে দেশজুড়েই ছিল উৎসব আমেজ। সেই আমেজে সিনেমা হলগুলোতে ভিড় নেমেছিল দর্শকের। তবে মন খারাপের খবর হলো সোমবার থেকেই দর্শক সমাগম কমে আসছে।

নিজের প্রযোজনায় ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’র পর তৃতীয় ছবিটির বেলায় মোটামুটি ব্যবসার সন্তুষ্টিতেই থাকতে হচ্ছে শাকিব খানকে। ছবিটি মুক্তির পর প্রথম দুইদিনের হল রিপোর্ট অন্তত তাই বলছে। যে আলোচনা ও প্রত্যাশা জাগিয়ে ছবিটি হলে গিয়েছিল তাতে প্রাপ্তির হিসাবটা সে অনুযায়ী হচ্ছে না এবার।

সরজমিনে বিভিন্ন হলে গিয়ে জানা গেছে, মুক্তির দিন ‘বীর’ খুব ভালো দর্শক টেনেছে। কিন্তু সোমাবার থেকে দর্শক কমতে শুরু করেছে।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ অর্থসূচককে বলেন, ‘আমরা দুটি শাখায় ‘বীর’ দেখাচ্ছি। বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভারে। দুই শাখায়ই ছুটির দুদিনে (শুক্র ও শনিবার) ভালো চলছে সিনেমাটি। এরপর থেকে দর্শক কমতে শুরু করে। তবে আশার কথা হলো অনেক দিন পর বাংলা সিনেমা চালিয়ে বেশ দর্শক পাওয়া গেল। অন্য ছবিগুলোর তুলনায় ‘বীর’ অনেক দর্শক টেনেছে।’

এদিকে মধুমতি সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ উচ্ছ্বাস প্রকাশ করলেন ‘বীর’ নিয়ে। তিনি বলেন, ‘দর্শক কমে গেছে রোববার থেকে। তবে বছরের অন্যান্য ছবির চেয়ে ভালো যাচ্ছে ‘বীর’। ছবিটি রোমান্টিক হলে আরও বেশি দর্শক পেতাম। নারী দর্শক কম আসছে এবার। কারণ ছবিটি অ্যাকশননির্ভর। নারী দর্শক আবার পারিবারিক ও রোমান্টিক সিনেমা দেখতে চায়।’

এদিকে মতিঝিল এলাকার তিনটি হল কতৃপক্ষের মুখে শোনা গিয়েছে হাতাশার কথা। তারা মনে করছেন একই এলাকায় তিনটি হলে একই ছবি মুক্তি দেয়ার কারণে দর্শক বিভক্ত হয়ে গিয়েছে।যার ফলে আশানুরূপ দর্শক হচ্ছে না।

প্রযোজনা সূত্রে জানা গেছে, প্রথম সপ্তাহের চাহিদার ওপর নির্ভর করছে দ্বিতীয় সপ্তাহে ছবিটি কত হলে মুক্তি পাবে। তবে অনেক হল মালিকই ছবিটি নতুন সপ্তাহের জন্য বুকিং দিয়ে ফেলেছেন এরই মধ্যে। মন্দার এ বাজারে শাকিব খানের নামটার জন্য যে ক’জন দর্শক মেলে তাকেই সিনেমা ব্যবসার জন্য আপাতত প্রশান্তির বলে মনে করছেন হল মালিকরা।

সেদিক থেকে বলাই যায়, প্রথম ছবি হিসেবে হল মালিকদের কিছুটা খুশি করতে পেরেছে ‘বীর’।

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘বীর’। এ সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করলেন তিনি। এখানে শাকিবের নায়িকা চিত্রনায়িকা বুবলী। এসকে ফিল্মস প্রযোজিত তৃতীয় সিনেমাটিতে আরও দেখা গেছে মিশা সওদাগরকে।

(এস আর /১৮ ফেব্রুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)