চসিকে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ডা. শাহাদাত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

গত (২৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

মেয়র পদে শাহাদাত হোসেনসহ ছয়জন মনোনয়ন চেয়েছিলেন। অন্যরা হলেন- নগর সাধারণ সম্পাদক আবু হাশেম বক্কর, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, সাবেক কমিশনার নিয়াজ মুহাম্মদ খান ও মহিলা নেত্রী লুসি খান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। তার মধ্যে- বগুড়া-১ আসনের উপনির্বাচনে একেএম আহসানুল তৈয়ব জাকির এবং যশোর-৬ আসনের উপনির্বাচনে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৯ মার্চে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। চসিকে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর দুটি সংসদীয় আসনে ব্যালটের মাধ্যমে। ১৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুয়ায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ১ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ৯ মার্চ।

(এসআর/ ২৫ ফেব্রুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)