‘কার্যকর পুঁজিবাজার গড়তে আর্থিক বিবরণীতে সচ্ছতা নিশ্চিত করা জরুরী’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কোম্পা‌নির আর্থিক বিবরণীর তথ্যে যদি গলদ থাকে, তাহলে কোনোদিন কার্যকর পুঁজিবাজার গড়ে উঠবে না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। তাই আর্থিক বিবরণীতে সচ্ছতা নিশ্চিত করা জরুরী বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘নতুন কর্পোরেট গভন্যান্স কোড অনুযায়ি কোম্পানির মধ্যে অডিট কমিটির প্রধান হবেন একজন স্বাধীন পরিচালক, সিএফও’র দায়িত্ব কী, এমডির দায়িত্ব কী, চেয়ারম্যানের দায়িত্ব কী, অডিটরের দায়িত্ব কি- এসব কিছু নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরে ডিসক্লোজার ভিত্তিতে আইপিও দেয়ার পরেও সমস্ত দোষ পড়ে কমিশনের ওপর। সেকেন্ডারি মার্কেট পড়ে গেলেও কমিশনকে দোষারোপ করা হয়। অথচ, আমাদের কোনো বিনিয়োগ নেই। আমরা কারসাজি হলে ধরি, ডিমান্ড-সাপ্লাই ঠিক রাখি এবং এখানে যদি কেউ রিউমার (গুজব) ছড়ায় তাদেরকে আইনের আওতায় আনি। তারপর মার্কেট ওঠা-নামা করার জন্য আমাদেরকে সমস্ত দোষ দেওয়া হয়। রেগুলেটের হিসেবে এখানে অসহাত্ববোধ আমাদের।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিএসইসির মাল্টিপারপাস হলে ‘ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস অ্যান্ড ডিটেকশন অব ফ্রড’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।     সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মো: রেজাউল করিম।

মূলপ্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন,  একটি সচ্ছ পুঁজিবাজার প্রতিষ্ঠা করতে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।  আর তাই পুঁজিবাজার সংশ্লিষ্ট সাংবাদিকদের জন্য আমদের এই সেমিনারের আয়োজন। এসময় তিনি আর্থিক প্রতিবেদন বিশ্লেষন ও বিভিন্ন ধরনের জালিয়াতি সনাক্ত করার কলাকৌশল তুলে ধরেন।                   বিএসইসি চেয়ারম্যান বলেন,  ‘আমাদের কাজের পরিধি  বাংলাদেশ ব্যাংকের চেয়েও অনেক বড়। তারা শুধু ব্যাংক এবং নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে কাজ করে। তাদের সেখানে ৭ থেকে ৮ হাজার লোকবল রয়েছে। অথচ, আমাদের মাত্র ৮৪ জন অফিসার। আর পিয়ন ও দারোয়ান নিয়ে আমরা ১৬০ জন কাজ করি।’

তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা একদিকে শক্তিশালী, অন্যদিকে অসহায়। আমরা ব্যাংক এবং নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ, স্টক এক্সচেঞ্জ, এসেট ম্যানেজমেন্ট, ফার্ম ম্যানেজার এবং ক্রেডিট রেটিং কোম্পানি থেকে শুরু করে আন-লিস্টেড কোম্পানির সবাইকে কাভার করতে হয়। অথচ, আমাদের লোকবল মাত্র ৮৪ জন।  অর্গনোগ্রাম হচ্ছে, যা চূড়ান্ত পর্যায়ে। কিন্তু এখনো লোকবল নিয়োগ করার পর্যায়ে আমরা পৌঁছাইনি।’

বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘যখন আমার আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আনি, যে বার্নিং ইস্যুটা সবার সামনে চলে আসে। এখানে অনেক জাটলারি হয়, সেগুলো যাতে তারা আইপিও আসার আগেই ধরতে পারে, তাতে করে রেগুলেটররা অর্থাৎ আমরা অনেক শক্তিশালী হবো, বিনিয়োগকারীরা উপকৃত হবে এবং পুঁজিবাজার স্থিতিশীলতার দিকে যাবে, শক্তিশালী হবে। আল্টিমেটলি এপিসিয়েন্ট একটা মার্কেট গড়ে তুলতে আমার অনেকটা সমর্থন হবে। কারণ, ইনফরমেশনে যদি গলদ থাকে কোনোদিন এপিসিয়েন্ট মার্কেট গড়ে উঠবে না।’

ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের ওপর গুরুত্ব দেয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সাংবাদিকদের প্রাধান্য দিয়ে আজকে এই মিটিংটি (সভা) আয়োজন করেছি। আমি বারবার বলি- সমাজে, ক্যাপিটাল মার্কেটে (পুঁজিবাজার) এবং অর্থনীতিতে কী ঘটছে এগুলোকে জনগণের সামনে তুলে ধরার সবচেয়ে বড় মাধ্যম হলো সাংবাদিকরা।’

সাংবাদিকদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্যই আজকের এই সেমিনারের আয়োজন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিনিয়োগের পূর্বে বিনিয়োগকারীদের অবস্থা উল্লেখ করে ড. এম খায়রুল হোসেন বলেন,  ‘বিনিয়োগকারী দেখে, এ কোম্পানিটির ডিভিডেন্ড পে করার অ্যাবিলিটি কী। তারা আরেকটা জিনিস দেখবে, তা হলো কোম্পানিটির ইনকাম জেনারেশন এবং ক্যাশ ফ্লো কী হবে। এরপর বিনিয়োগকারী যদি কিছু দেখে তা হলো- কোম্পানিটির অতীত কী ছিল, বর্তমান পারফরম্যানস কী এবং ভবিষ্যতটা কী। এছাড়া সংশ্লিষ্ট সেক্টরের মধ্যে কোম্পানিটির অবস্থা কী এবং ইনভেস্ট করা যাবে কি না।’

তিনি আরও বলেন, ‘কোম্পানি নিজে যদি মনে করে, আমার ব্যালেন্স সিট ঠিক আছে, আমার অন্যান্য স্টেটমেন্টগুলো ঠিক আছে। তাহলে সে দেখবে রিটার্ন এবং ইক্যুইটি কোন অপারেশনস থেকে বেশি আসছে। তাহলে সে অপারেশনসকে সাপোর্ট দিতে গেলে আমার এক্সপানশন কোন দিকে নিতে হবে। এক্সপানশন কোথায় বেশি হচ্ছে অর্থাৎ কস্ট মিনিমাইজেশন এবং ইনকাম জেনারেশন মেক্সিমাইজেশন করার যথেষ্ট পরিকল্পনাটিও যথাযথভাবে গ্রহণ করতে পারবে কি না। অন্যথায় কোম্পানি নিজে যেমন বঞ্চিত হবে, মার্কেট ক্ষতিগ্রস্ত হবে এবং বিনিয়োগকারীও ক্ষতিগ্রস্ত হবে। মার্কেটে স্থিতিশীলতা থাকবে না।’

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, নির্বাহী পরিচালক ও বাংলাদেশ একাডেমি অব সিকিউরিটি মার্কেটয়ের (বিএএসএম) মহাপরিচালক (ডিজি) মো. মাহবুবুল আলম, বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, মো: সাইফূর রহমান, বিএসইসির পরিচালক কামরুল আনাম খান, এফআরসির নির্বাহী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শুভ্র কান্তি চৌধুরী, সিএমজেএফের প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

(শামীম/২৬ ফেব্রুয়ারি ২০২০)


Comment As:

Comment (0)