বিএসইসির কাস্টমার কম্‌প্লাইন এড্রেস মডিউলে ৯৫ শতাংশ অভিযোগ নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সুবিধার্থে এবং তাদের স্বার্থ রক্ষায় গত বছরের সেপ্টেম্বর মাসে অনলাইনে অভিযোগ দাখিল ও তা দ্রুত নিষ্পত্তিতে ‘কাস্টমার কম্‌প্লাইন এড্রেস মডিউল’চালু করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এ মডিউল চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯৪ দশমিক ৭০ শতাংশ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মুজিববর্ষকে সামনে রেখে বিনিয়োগকারীদের স্বার্থে এবং জবাবদিহিতার সুবিধার্থে অনলাইন মডিউলটির পরিসংখ্যান বিভাগ সবার জন্য উম্মুক্ত করা হয়।

বিএসইসি কর্তৃক আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ডিটেকশন অব ফ্রড’বিষয়ক সেমিনারে এটি উম্মুক্ত করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

এরফলে এখন থেকে কতটি অভিযোগ জমা হয়েছে, কতটি নিষ্পত্তি হয়েছে এবং কতটি চলমান রয়েছে তা সকলেই দেখতে পারবেন।

বিএসইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত অনলাইন মডিউলে ২০৬টি অভিযোগ জমা হয়। এর মধ্যে ১৯৫টি অভিযোগ নিশ্পত্তি করা হয়েছে। বর্তমানে ১১টি নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন রয়েছে। গড়ে এর নিষ্পত্তির সময় হচ্ছে সাড়ে ১৪ দিন। এর মধ্যে হলিডে এবং সরকারি ছুটির দিনও রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মডিউল চালূর পর থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে গত বছরের অক্টোবরে। ওেই মাসে মোট ৮২টি অভিযোগ জমা পড়েছে এবং ৮২টির সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে। এর পরের মাসে (নভেম্বর ২০১৯) অভিযোগ জমা পড়েছে ৫৬টি ও ডিসেম্বর মাসে জমা পড়ে ২৭টি। দুই মাসের সবকটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

অপরদিকে চলতি বছরের জানুয়ারিতে অভিযোগ জমা পড়েছে ১৯টি, নিষ্পত্তি হয়েছে ১৮টি এবং চলমান রয়েছে ১টি। আর ফেব্রুয়ারিতে সর্বশেষ তথ্য মতে, অনলাইন মডিউলে অভিযোগ জমা পড়েছে ২১টি, নিষ্পত্তি হয়েছে ১১টি এবং চলমান রয়েছে ১০টি।

(শামীম/২৬ ফেব্রুয়ারি ২০২০)


Comment As:

Comment (0)