ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করার পরামর্শ রাষ্ট্রপতির

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ভূমিকম্পের ঝুঁকির কথা মাথায় রেখে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে ভবন নির্মাণে সবাইকে বিল্ডিং কোড অনুসরণ করার কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে রিহ্যাব রজতজয়ন্তীর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব পরামর্শ দেন।

রাষ্ট্রপতি ভবন নির্মাণে দীর্ঘসূত্রতা দূর করতে ওয়ান স্টপ সার্ভিস চালুর কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বিষয়টি ক্যাবিনেটে উত্থাপনেরও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিগত সময়ে অবদানের স্বীকৃতিস্বরূপ রিহ্যাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সভাপতি নসরুল হামিদ এমপিকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এবং বাংলাদেশের আবাসন শিল্পের স্বপ্নদ্রষ্টা মরহুম জহিরুল ইসলামকে (মরণোত্তর) আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আবাসন খাতকে গতিশীল করতে পুনরায় ২০ থেকে ৫০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করার কথা বলেন।

রিহ্যাব রজতজয়ন্তীর উদ্বোধনী অধিবেশনে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ১৯৯২ সালে রিহ্যাব প্রতিষ্ঠার পর রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে সারাদেশে কোটি মানুষের জন্য পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করছে। রিহ্যাব সদস্যদের নিরালস পরিশ্রমে রাজধানী ঢাকাসহ সারাদেশে আধুনিক স্যাটেলাইট সিটি ও দৃষ্টিনন্দন অত্যাধুনিক বিভিন্ন ভবন, স্থাপনা ও অবকাঠামো নির্মাণ হচ্ছে।

তিনি বলেন, রিহ্যাব প্রবাসে বিভিন্ন মেলার আয়োজন করে দেশে ও বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের চেষ্টা অব্যাহত রেখেছে। এসব মেলার মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সমর্থ হয়েছি, যা কিনা আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করেছে।

রিহ্যাবের সিনিয়র সহ সভাপতি নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি বলেন, সমগ্র নির্মাণ শিল্প দেশের জিডিপিতে অবদান রাখছে প্রায় ১৫ শতাংশ। প্রায় ৩৫ লাখ লোক বিভিন্নভাবে এই শিল্পের সঙ্গে জড়িত।

(এসএএম/ ০৭ জানুয়ারি ২০১৭)


Comment As:

Comment (0)