বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জসিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ ব্যাংকের সদ্য লাইসেন্স পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি মো. জসিম উদ্দিন।
বুধবার (৪ মার্চ) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি (২ মার্চ) ব্যাংকটির পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিনকে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ মাহবুবুল আলম এবং ম্যাক্স ইনফ্রাস্টাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মাদকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এছাড়া সভায় বিশিষ্ট ব্যাংকার তারিক মোর্শেদকে ব্যবস্থাপনা পরিচালক ও সহিদ হোসেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়, যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। সভায় ব্যাংকের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
এর আগে ২৩ ফেব্রুয়ারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক। এরও আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংককে প্রাথমিক সম্মতিপত্র (এলওআই বা লেটার অব ইনটেন্ট) দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
বিধি মোতাবেক, ১০ লাখ টাকা ফি দিয়ে নতুন ব্যাংকের অনুমোদন পেতে আবেদন করতে হয়। আর চূড়ান্ত অনুমোদন পেতে চারশ কোটি টাকা পরিশোধিত মূলধন লাগে। তবে এ ব্যাংকের পরিশোধিত মূলধন চারশ কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচশ কোটি টাকা করতে শর্ত দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংকগুলো প্রথমে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফামর্স (আরজেএসসি) থেকে নিবন্ধন নিয়ে কোম্পানি গঠন করতে হয়। এসব শর্ত পূরণ করায় ব্যাংক কোম্পানি আইনের ৩২ ধারা অনুযায়ী ব্যাংকের জন্য চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক।
(এসএএম/০৪ মার্চ ২০২০)



