বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: সোমবার ভারতে দোল পূর্নিমা উৎসবের সরকারী ছুটি থাকায় দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে কোন আমদানি রফতানি হয়নি।
তবে স্থল বন্দর, কাস্টমস এর কার্যক্রমসহ পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
ভারতে দোল যাত্রার কারনে সোমবার সকাল থেকে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ থাকলেও মঙ্গলবার সকাল থেকে আবারো আমদানি রপ্তানি শুরু হবে।
এ ব্যাপারে ভারতের পেট্রাপোল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দোলযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি ধর্মীয় উৎসব। বসন্তের এই উৎসবটি হোলি নামে পরিচিত। অশূভ শক্তির বিনাশ হিসেবে হোলি উৎসব হয়ে থাকে প্রতি বছর। এই উৎসবের কারনে আমদানি রফতানি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত যেমন সিএন্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাক চালকরা নিজ নিজ ধর্মের এ উৎসব পালন করছে।
বেনাপোল চেকপোষ্ট কার্গো শাখার রাজস্ব অফিসার নাশিদুল হক বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা সোমবার আমদানি রফতানি বানিজ্য বন্ধ রেখেছে। ফলে সকাল থেকে এ পথে আমাদিন রফতানি হয়নি। তবে বেনাপোল বন্দরের পন্য খালাস ও কাস্টমস হাউজের শুল্কায়ন এর কার্যক্রম স্বাভাবিক ভাবে চলেছে।
চেকপোষ্ট ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, সোমবার দোল উৎসবে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
(মনিরুল ইসলাম মনি / শাহরিয়ার / ৯ মার্চ, ২০২০)



