চলচ্চিত্র পাড়ায় করোনার প্রভাব, সাময়িক বন্ধ হতে পারে সিনেমা হল

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা ভাইরাসের আতংকে হলিউড-বলিউডের অনেক বড় বড় ছবির শুটিং বন্ধ হয়ে গেছে। বড় বড় চলচ্চিত্র উৎসব বাতিল করা হয়েছে। আশংকা আছে এ বছরের কান উৎসব নিয়েও।

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশের চলচ্চিত্র পাড়ায়। সারাদেশের হলগুলোতে এর প্রভাব বেশ ভালোভাবেই লক্ষ করা যাচ্ছে।

এবিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিনিয়র ভাইস-চেয়ারম্যান মিয়া আলাউদ্দিন বলেন, সারাদেশের হলগুলোতে এর প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে। এটা যেহতু জাতীয় ইস্যু সেজন্য আমরা এ সাময়িক ক্ষতিকে পজেটিভলি নিচ্ছি। আশা করছি খুব শিগগির পরিস্থিতির উন্নতি হলে দর্শক সমাগম বাড়বে।

করোনার কারণে সিনেমা হল বন্ধ রাখার কথা বলেন এই নেতা। তিনি বলেন, দর্শক কমার কারণ এখন ইতিবাচক। করোনা ভাইরাসের কারণে দর্শক কমে যাচ্ছে। আমরা একটি প্রাণের কথা চিন্তা করে ব্যবসার কথা মাথা থেকে বাদ দিয়েছি। করোনা আতঙ্কের কারণে সারাদেশেই একই অবস্থা। আমরা দেশের হলগুলোতে খোঁজ নিচ্ছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। বিষয়টি যদি বেশি আকার ধারণ করে তাহলে আমরা হল বন্ধ রাখার পদক্ষেপ নেব।

এদিকে করোনার কারণে দর্শক খরায় পড়েছে সুপারস্টার শাকিব খানের সদ্য মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র ‘শাহেনশাহ’। মুক্তির প্রথম দিন দর্শক পেলেও দ্বিতীয় দিন থেকে অনেকটাই কমে গেছে দর্শকের সংখ্যা।

প্রসঙ্গত, করোনায় সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮। বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৩৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১১৯ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৮২ এবং মৃত্যু হয়েছে ৫১ জনের।

চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। দেশটিতে এক দিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জনে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৭৫ জনে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইতালি সরকার। অন্যদিকে ইরানে এখন পর্যন্ত ৬ হাজার ৫৬৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৯৪ জন।

(এসআর/ ১০ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)