লিটু আনামের বাসায় ডাকাতি; ৪০ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ছোট পর্দার জনপ্রিয় নাট্যাভিনেতা লিটু আনামের বাড়িতে সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুস্থ আছেন লিটু আনাম ও তার স্ত্রী হৃদি হক।

জানা গেছে, লিটু আনাম ও হৃদি হক বাড়িতে ছিলেন না। তারা ঢাকায় আছেন। ঠাকুরগাঁওয়ের বাড়িতে লিটু আনামের মা সালেহা খাতুন ও ভাবি ছিলেন। তারা বিকেলের নাস্তার পর বিশ্রাম নিচ্ছিলেন। এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ডাকাতরা বাড়িতে ঢুকে এক লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

দুর্বৃত্তরা খাবারের সঙ্গে কীভাবে চেতনানাশক মেশাল? এমন প্রশ্নের জবাবে লিটু আনাম বলেন, ‘আমার মনে হয়, আমরা যখন নাশতা করছিলাম, সেই নাশতার সঙ্গেই চেতনানাশক মেশানো হয়েছে। ঠিক কীভাবে মেশানো হয়েছে, তা বলতে পারব না। তবে আমি জার্নি করে ঢাকায় আসার সময় পুরো রাস্তায় ঘুমিয়েছি। ঢাকায় আসার পরও ঘুম ভাঙছিল না। আমার বড় ভাইয়ের স্ত্রী ও মা, আমরা সবাই একসঙ্গে নাশতা করছিলাম। বাড়ি থেকে আসার পর খবর পেলাম ডাকাতি হয়েছে। ভাবি আর মা আমাদের বিদায় দিয়েই ঘুমিয়ে পড়েন।’

ঠাকুরগাঁও সদর থানার এসআই আনিসুর রহমান জানান, পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

(এসআর/ ১০ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)