বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  করোনা ভাইরাসের কারনে ১৩ মার্চ থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়।

বৃহস্পতিবার ( ১২ মার্চ ) সকালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়। তবে বৃহস্পতিবার সকালে বাংলাদেশী বিপুল সংখ্যক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। যারা ভারতে অবস্তান করছেন তারা যে কোন সময় বাংলাদেশে ফিরে আসতে পারবেন।

এ ঘটনায় অনেকে ডাক্তার দেখানোর জন্য, আবার অনেকে ব্যবসার জন্য ভারতে যেতে না পেরে ফিরে যেতে হয়েছে বলে জানাগেছে।

শুক্রবার থেকে কোন পাসপোর্ট যাত্রীকে ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। যদিও বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য চালু রয়েছে। প্রতিদিন ৫/৬’শ পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয় এবং ৩’শ ট্রাক পন্য রফতানি হয় ভারতে।

বেনাপোল বন্দরে করোনা ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়। গত ২৫ জানুয়ারী থেকে এ পর্যন্ত এক লক্ষ বিশ হাজার পাসপোর্ট যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কারো দেহে এখনও পর্যন্ত করোনা ভাইরাস সনাক্ত হয়নি।

(মনিরুল ইসলাম মনি / শাহরিয়ার / ১৪ মার্চ, ২০২০)


Comment As:

Comment (0)