পলাশের গজারিয়ায় মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর পলাশে আফিয়া আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে পলাশ উপজেলার গজারিয়া এলাকার একটি কচুঁক্ষেত থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত আফিয়া গজারিয়া গ্রামের আজহার উদ্দিনের মেয়ে। সে স্থানীয় গজারিয়া মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আফিয়া তার বড় বোন, বোন জামাতা ও তাদের নবজাতক সন্তানসহ এক ঘরে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় ২টার দিকে তার বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠলে দেখেন পাশে শোয়ে থাকা ছোট বোন আফিয়া নেই। এ সময় তারা ঘরের দ্বাইর কাটা অবস্থা দেখতে পান। পরে বাড়ীর সকলকে ডেকে তুলে আফিয়াকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের একটি কচুঁক্ষেতে রক্তাক্ত অবস্থায় তার মহদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে পলাশ থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের মুখে ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, নিহত মেয়েটি ধর্ষণের স্বীকার হয়েছে কিনা-তা এখনই বলতে পারছি না। তবে আমাদের সন্দেহের বাইরে কেউ না। সে জন্যই জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বোন. ভগ্নিপতি ও এক ভাইকে থানায় ডাকা হয়েছে।
(রাজু/মামুন/শামীম/১৮ মার্চ ২০২০)



