বেনাপোল সীমান্তে কিছুতেই থামছে না মাদক ব্যবসা
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোর বেনাপোল সীমান্তে দৌলতপুর গ্রামে ফেনসিডিলের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। মাদকের বিরুদ্ধে দৌলতপুর গ্রামে মানববন্ধন ও সমাবেশ হলেও কিছুতেই থামছে না এই মাদক ব্যবসা।
প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাদকের বেচাকেনা হচ্ছে। গ্রামের রাস্তার ধারে, অলি গলিতে খালি ফেনসিডিলের বোতল ঝরা পাতার মত পড়ে আছে।
এসব দেখার মতো কেউ নেই অভিযোগে জানাগেছে, বেনাপোলের সীমান্ত ঘেষা গ্রাম দৌলতপুর। এ গ্রামের সাথে রয়েছে ভারতের তেরটি ঘর। আর এই তের ঘর থেকে প্রতিদিন হাজার হাজার বোতল ফেনসিডিল সরবরাহ করা হয়। মাদক ব্যবসায়ীরা বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে সুযোগ বুধে তেরঘরের সরবরাহকৃত ফেনসিডিল সংগ্রহ করে বেচাকেনা করে।
অভিযোগ রয়েছে, প্রতিদিন , যশোর, পুলেরহাট, নতুনহাট, ঝিকরগাছা, গদখালী, নাভারন, শার্শা ও বেনাপোল থেকে শত শত যুবক দৌলতপুর গ্রামে যেয়ে ফেনসিডিল খায়। অনেকে সাথে করে নিয়েও আসে। এসব ফেনসিডিল খোরদের যাতায়াতের প্রধার বাহন মোটরসাইকেল ও ইজিবাইক।
সূত্রে জানাগেছে, গত ২৪ জানুয়ারী ২০২০ ইং তারিখ দৌলতপুর গ্রামের সর্বসাধারন ঐক্যবদ্ধ হয়ে প্রশাসন, বিজিবি ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করে। এর পরেও প্রশাসন, বিজিবি ও জনপ্রতিনিধিদের তোয়াক্কা না করে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।তথ্য মতে, দৌলতপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে রেজাউল হোসেন রেজগি(৫০), ইউনুছ আলীর ছেলে মামুন(২২), মফিজুল ইসলাম এর ছেলে মেহেদী হাসান(২৫), মনোয়ার হোসেন মনোর ছেলে পলাশ হোসেন(২২), গোলাম হোসেননের স্ত্রী আয়েশা খাতুন(৪৫), রোজিনা খাতুন(৩৫), আব্দুর রহিম(৫০), আক্তারুজ্জামানের ছেলে শাহিন(২২), ইসমাইলের ছেলে আহাদ আলী(৩৫), মুক্তার আলী(৪৫), কেসমত আলীর ছেলে শামীম(২৬), মৃত আলী হোসেনের জামাই সীরু((৩৫), অনিক হোসেন(২৮),সজল হোসেন(২৫), রানার স্ত্রী লতা খাতুন(২৫) সহ প্রায় ২০/২৫জন মাদক ব্যবসায়ী কোন কিছু তোয়াক্কা না করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে, দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ শহীদ জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি সব সময় পাহারায় আছে। তিনি বলেন গত ৩ মাসে প্রায় ৫হাজার বোতল ফেনসিডিল আটক করা হয়েছে। মামলা হয়েছে অনেকের নামে। তিনি মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।বিষয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।
এ ব্যাপারে জানতে চাইলে পুটখালী ইউপি চেয়ারম্যান মাষ্টার হাদীউজ্জামান বলেন , মাদক ব্যবসার বিরুদ্ধে সমাবেশ করা হয়েছে। তিনি দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসা বন্ধের জন্য বিজিবি ও প্রশাসনের আরও দায়িত্বশীল ভুমিকা পালনের আহবান জানান।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন , দৌলতপুর গ্রামে পুলিশি অভিযান চলছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের গ্রেফতার করে মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন স্থানীয়দেও সচেতন হতে হবে এবং মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
(মনি / শাহরিয়ার / ১৮ মার্চ, ২০২০)



