ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বিআইবিএম ও ইকলিফ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশের ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং মালয়েশিয়ার দ্য ইকলিফ লিডারশীপ অ্যান্ড গভর্নেন্স সেন্টার। এ লক্ষ্যে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এ সমঝোতা স্মারক সই হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী এবং ইকলিফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব পেশওয়ারিয়া। সমঝোতা স্মারক অনুষ্ঠানে ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং হেড অফ চ্যানচারি ইদহাম জুহুরি বিন মোহাম্মদ ইউনুস, বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) ড. শাহ মো: আহসান হাবীব উপস্থিত ছিলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইবিএমের অনুষদ সদস্য এবং সরকারি-বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ব্যাংকিং খাতের সক্ষমতা উন্নয়নে ১৯৭৪ সাল থেকে কাজ করছে বিআইবিএম। ইকলিফের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে সমক্ষতা বাড়ানোর প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হবে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে বিআইবিএম এবং ইকলিফ যৌথভাবে কাজ করছে।

(এসএএম/ ০৩ মে ২০১৭)


Comment As:

Comment (0)