রায়পুরায় অবাধে ঘুরছেন ইতালি ফেরতরা; আতঙ্কে এলাকাবাসী
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় ইতালিফেরত এক যুবকের বিরুদ্ধে হোম কোয়ারেন্টিনে না থাকার অভিযোগ পাওয়া গেছে। ওই যুবক অবাধে বিভিন্ন জনসমাগম স্থানে ঘুরে বেড়াচ্ছেন। ফলে এলাকায় লোকজনের মাঝে করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ইতালিফেরত ওই যুবক এক সপ্তাহ পূর্বে দেশে ফেরেন। বিনোদ খান (৩৫) নামে এ ব্যক্তি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া এলাকার মো. বশির উল্লাহ খানের ছেলে। বিদেশফেরতদের স্বেচ্ছায় ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা থাকলেও তিনি তা মানছেন না। থাকছেন পরিবারের সঙ্গে। অবাধে ঘুরে বেড়াচ্ছেন নিকট স্বজনদের বাড়ি, হাট-বাজার ও জনসমাগম স্থানে। ফলে ওই এলাকার লোকজনের মধ্যে দেখা দিয়েছে করোনা আতঙ্ক। এর আগে এক ইতালিফেরত যুবক হোম কোয়ারেন্টিনে না থাকার অভিযোগে উপজেলা স্বাস্থ্যবিভাগ তাকে সতর্ক করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলায় ১৩ জন হোম কোয়ারান্টিনে আছেন। তারা সবাই ইতালিফেরত। ২ জনের ১৪ দিন পূর্ণ হওয়ায় তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তবে এখনো উপজেলায় করোনাভাইরাসে কোনো রোগী শনাক্ত হয়নি।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুলশিক্ষক জানান, বিদেশফেরতরা কিছুতেই আইন-কানুন মানছেন না। তারা অবাধে বিচরণ করছেন হাট-বাজারসহ বিভিন্ন জনসমাগম স্থানে। এতে আমরা পরিবার ও সন্তানদের নিয়ে শঙ্কিত।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাঈদ মো. ফারুক বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন না মানলে পুলিশ দিয়ে ধরে এনে নরসিংদী আইসোলেশন সেন্টারে রাখা হবে। তিনি আরো বলেন, হোম কোয়ারেন্টিনে করোনাভাইরাস সন্দেহে থাকা ব্যক্তিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
( রাজু / শাহরিয়ার /২১ মার্চ, ২০২০)



