পলাশে হোম কোয়ারান্টাইন প্রবাসীদের পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় হোম কোয়ারান্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে ফলমূল ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ প্রশাসন।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার (২৮ মার্চ) বিকেলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে হোম কোয়ারান্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন পুলিশ সদস্যরা।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, সম্প্রতি যে সকল প্রবাসীরা বিদেশ থেকে আসেন তাদেরকে সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। যারা হোম কোয়ারান্টাইনে আছেন তাদের বাড়িতে থানা পুলিশের পক্ষ্য থেকে ইতিমধ্যে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে সেজন্য প্রবাসীদের ছাড়াও সবাইকে ঘরে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাহিরে বের না হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে এ জন্য সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, সম্প্রতি পলাশ উপজেলায় বিদেশ থেকে আসা ১১৮ জন প্রবাসীকে হোম কোয়ারান্টাইন রাখা হয়েছে। এদের মধ্যে ৬২ জন ১৪ দিন হোম কোয়ারান্টাইন অতিবাহিত করেছেন। বাকি যারা হোম কোয়ারান্টাইনে আছেন তাদের মধ্যে অসচ্ছল ১৩ জনকে জেলা পুলিশের পক্ষ্ থেকে ফলমূল ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
(মামুন/শামীম/২৯ মার্চ ২০২০)



