কুমিল্লায় ২৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এলজিআরডি মন্ত্রী
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় কর্মহীন হয়ে পড়া ২৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম।
গতকাল বুধবার (১ এপ্রিল) থেকে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়ন ও লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের মাধ্যমে প্রত্যেক পরিবারের কাছে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, চার কেজি আটা, চার কেজি আলু, দেড় কেজি পেঁয়াজ, দেড় কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল এবং একটি করে সাবান দেওয়া হচ্ছে।
এলজিআরডি মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে সরকারের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম, রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। রাস্তাঘাটে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সমন্বিতভাবে সরকার, জনগণ এবং প্রশাসন কাজ করছি।
এলজিআরডি মন্ত্রী আরো বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করে রাস্তায় বের না হতে প্রচার করা হচ্ছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হঠাৎ করেই নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। তাদের সহযোগিতা করতেই তাঁর উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
তাজুল ইসলাম বলেন, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্যোগ মোকাবেলায় কাজ করা হচ্ছে। এরইমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে অসচ্ছল পরিবারকে সহযোগিতার জন্য খাদ্য সামগ্রী পৌঁছানো হয়েছে। তা জনগণের মাঝে বিতরণ শুরু করেছে প্রশাসন। এছাড়া, আমার নিজ উদ্যোগে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতাকর্মীদের মাধ্যমে প্রায় ২৩ হাজার গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। তিনি করোনা মোকাবেলায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম এবং মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, মন্ত্রী মহোদয়ের দেওয়া খাদ্য সামগ্রী উপজেলা প্রশাসন এবং পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় খাদ্য সহায়তা গরিব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।
লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইউনুছ ভূঁইয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা মন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী সঠিকভাবে বিতরণ কার্যক্রম তদারকি করছেন।
(এএইচএন/ ২ এপ্রিল, ২০২০)



