ফোন করলেই বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন নরসিংদীর পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রাণঘাতি করোনা সংকট মোকাবেলায় নরসিংদী পৌর শহরের দরিদ্র, শ্রমজীবী ও ভাসমান মানুষের ঘরে ঘরে গিয়ে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র কামরুজ্জামান।

এছাড়া যেসব পরিবারে খাদ্যসামগ্রী সংকট রয়েছে কিন্তু বিব্রতবোধ করেন তাদের জন্য খোলা হয়েছে দুটি হটলাইন নম্বর। এই নম্বরে ফোন করলেই অতিগোপনে মেয়রের লোকজন ওই বাসায় বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন।

নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমান করোনা সংকটে পৌর এলাকার অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় কোন নাগরিককে যাতে না খেয়ে জীবনযাপন করতে না হয় সেজন্য প্রাথমিকভাবে ২০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হবে।

তিনি জানান, গতকাল শুক্রবার রাত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া দুটি হটলাইন নম্বর (০১৯৪৬ ২৯৫৩৩৩, ০১৯৬২ ৫৩৮৩২৩) খোলা হয়েছে। খাদ্য সংকটে পড়া পৌর এলাকার যেকোন নাগরিক ফোন করলেই অতিগোপনে সম্মানের সহিত খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেওয়া হবে।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ প্যাকেট লবন ও ১টি সাবান।

এছাড়া নরসিংদীর চিকিৎসকদের জন্য ২ হাজার পিপিইসহ সাধারণ মানুষের মধ্যে হ্যান্ডস্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে বলে জানান পৌর মেয়র।

(রাজু/শামীম/০৪ এপ্রিল ২০২০)


Comment As:

Comment (0)