সরকারের বিশেষ ক্ষমার আওতায় যশোর থেকে মুক্তি পাচ্ছেন ১২০ কয়েদি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সরকার ঘোষিত বিশেষ ক্ষমার আওতায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২০ কয়েদি। এরই মধ্যে ওই ১২০ জনের নাম-পরিচয় ও সাজা ভোগের বিস্তারিত তথ্য ঢাকার হেডকোয়ার্টারে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান।
কারা সূত্রে জানা গেছে, প্রতি বছর সরকার বিশেষ ক্ষমার আওতায় সারা দেশের কারাগারে আটক কয়েদিদের নামের তালিকা তৈরি করে তাদের মুক্তি দেয়ার বিষয়টি বাস্তবায়ন করে। এছাড়া বর্তমানে সারা দেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় যাদের সাজা ভোগের সময় শেষের দিকে, তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া যাদের বয়স অনেক এবং চলাফেরা করতে অক্ষম তাদের মুক্তি দেয়া হবে। যশোর কারা কর্তৃপক্ষ এমন ১২০ জনের নামের তালিকা ঢাকায় পাঠিয়েছে। তাদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭৫ জন রয়েছেন। তাদের ২০ বছর সাজা ভোগ করা হয়ে গেছে। এক মাস থেকে এক বছর পর্যন্ত যাদের সাজা হয়েছে, এমন আছেন ৪২ জন। আর অচল অক্ষম হয়ে গেছেন এমন আছেন তিনজন।
জেলার তুহিন কান্তি খান বলেন, মোট ১২০ জনের নাম-পরিচয় এবং সাজাভোগের বিস্তারিত তথ্য লিখে মুক্তি দেয়ার বিষয়ে সুপারিশ করা হয়েছে। এখন ঢাকার হেডকোয়ার্টার আরো যাচাই-বাছাই করে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করবে।
তিনি আরো জানিয়েছেন, শর্ত অনুযায়ী নারী নির্যাতন মামলার আসামি যেমন ধর্ষণ, হত্যা মামলার কোনো আসামি এ সুযোগের আওতায় আসবে না। তবে কবে নাগাদ কয়েদিদের মুক্তি দেয়া হবে এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।
(এএইচএন/ ৯ এপ্রিল, ২০২০)



