বন্দরে শ্রমিকদের ত্রাণসামগ্রী বিতরণ করেছে সাইফ পাওয়ারটেক

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি টার্মিনালে কর্মরত শ্রমিকদেরকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বন্দরের সিসিটি ইয়ার্ডে সামাজিক দূরত্ব মেনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম।

এ সময় উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেকের চিফ অপারেটিং অফিসার (সিওও) ক্যাপ্টেন তানভির হোসাইন, লে. কমান্ডার (অব.) তাফসির, আমির, মারুফ, সাজিদ আবদুল্লাহ, বাবু, নয়ন, আনিস, জাকির, আরাফাত প্রমুখ।

সাইফ পাওয়ারটেকের সিওও ক্যাপ্টেন তানভির হোসাইন বলেন, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিনের নির্দেশনা অনুযায়ী জাহাজের কনটেইনার হ্যান্ডলিংয়ে থাকা লেসিং বিভাগের এবং ডেলিভারি বিভাগের দুই হাজার অস্থায়ী শ্রমিকদের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রথম দিন ৪ ফুট দূরত্বে অবস্থান নিশ্চিতের মাধ্যমে দুই শতাধিক শ্রমিককে ত্রাণ হস্তান্তর করা হয়েছে। জনপ্রতি ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১টি করে সাবান। এ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধের মধ্যেও জরুরি আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে বন্দরে সাইফ পাওয়ারটেকের কর্মীদের আনা-নেওয়ার জন্য বাস, নাশতা, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ- বিশেষ করে মাস্ক, গ্লাভস, হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, জ্বর মেপে টার্মিনালে ঢোকানো, মেডিক্যাল টিমের উপস্থিতি ইত্যাদি নিশ্চিত করা হয়েছে।

সাইফ পাওয়ারটেকের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হাসান রেজা বিনিয়োগবার্তাকে জানান, বন্দরে শ্রমিকদের সুরক্ষা দিয়ে বাণিজ্যিক কার্যক্রম করে আসছে সাইফ পাওয়ারটেক। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বন্দরের ভূমিকা নিবিড়। তাই বন্দর সচল রাখতে শ্রমিকদের সুরক্ষা জরুরী। এসব বিবেচনায় বন্দরের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করে সরকারের সাথে একাত্ন হয়ে কার্যক্রম পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক।

(শামীম/০৯ এপ্রিল ২০২০)


Comment As:

Comment (0)