নরসিংদী জেলা হাসপাতালের মালি জুয়েলের স্ত্রীও করোনা আক্রান্ত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা ডেস্ক : করোনা আক্রান্ত নরসিংদী জেলা হাসপাতালের মালি জুয়েলের পর এবার তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ‍নিয়ে নরসিংদী জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ জন ।

শনিবার দুপুরে নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বিনিয়োগবার্তাকে এ তথ্য জানান। সিভিল সার্জন জানান, আইইডিসিআর এ পরীক্ষার পর গত বুধবার নরসিংদী জেলা হাসপাতালের মালি জুয়েলের করোনা পজেটিভ ধরা পড়ে। ওই মালি জেলার রায়পুরা উপজেলার ডৌকার চর ইউনিয়নের বাসিন্দা। এরপর তার স্ত্রী ও তিন সন্তানসহ হাসপাতালের ৫ জন ডাক্তার ও নার্সকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। পরে মালির সংস্পর্শে আসা স্ত্রী ও তিন সন্তানসহ হাসপাতালের ১১ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। নমুনা পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ আসলেও মালির স্ত্রীর (৩৫) করোনা পজেটিভ ধরা পড়ে। এ ‍নিয়ে নরসিংদী জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশ উপজেলায় ১ জন, রায়পুরা উপজেলায় ৩ জন।

এছাড়া নারায়ণগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে আসা এক অন্ত:সত্ত্বা গার্মেন্টস শ্রমিক বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হলেও এখনও পর্যন্ত তার ফলাফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

(রাজু/এএইচএন/ ১৩ এপ্রিল, ২০২০)


Comment As:

Comment (0)