রায়পুরায় সরকারি চাল আত্মসাৎ; ইউপি সদস্য ও ডিলার আটক
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরের এক টন অর্থ্যাৎ প্রায় ৩৩ বস্তা চাল আত্মসাতের দায়ে সুফিয়া বেগম নামে এক ডিলার ও তার স্বামী ইউপি সদস্য মো. বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নে ভ্রাম্যমান আদালত চালিয়ে ডিলার সুফিয়া বেগম ও তার স্বামী ইউপি সদস্য মো. বাচ্চু মিয়াকে সরকারী চাল আত্মসাতের দায়ে তাদেরকে আটকের নির্দেশ দেন।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, উক্ত ডিলারের গুদামে মজুদকৃত চালের পরিমানে ১ টন চালের ঘাটতি থাকায় ডিলার সুফিয়া বেগম ও তার স্বামী ইউপি সদস্য বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ বুলবুল আহম্মেদ বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
(রাজু/শামীম/১৪ এপ্রিল ২০২০)



