বরিশালে লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট চালু
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বরিশাল: বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে এবং আইসোলেশন (সঙ্গনিরোধ) ব্যবস্থার জন্য উদ্বোধন করা হয়েছে ভাসমান আইসোলেশন ইউনিট।
শুক্রবার রাতে বরিশাল নদীবন্দরে ঢাকা বরিশাল নৌরুটে চলাচলকারী বিলাসবহুল লঞ্চ এমভি সুরভী-৮ কে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়। এটি দেশের দ্বিতীয় ভাসমান আইসোলেশন ইউনিট।
এর আগে পটুয়াখালীতে ১৪ এপ্রিল প্রথম ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে উদ্বোধন করা হয়েছিল।
নৌবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জনা গেছে, এ লঞ্চটিতে ৪২টি সিঙ্গেল, ৩৪টি ডাবল, ৪টি ফ্যামিলি, ২টি সেমি ভিআইপি ও ৪টি ভিআইপি কেবিন আছে। এটি বরিশাল সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে।
আইসোলেশন ইউনিটটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ) প্রশান্ত কুমার দাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ( বিআইডব্লিউটিএ ) বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক আজমল হুদা সরকার , ডেপুটি কালেক্টর নেজারত ( এনডিসি ) এস এম রবিন শীস প্রমুখ।
(বাপ্পী/শামীম/১৬ এপ্রিল ২০২০)



