এখনো শ্রমিকদের বেতন দেয়নি ছয় শিল্প এলাকার ৮১৭ কারখানা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের শিল্পঘন ছয় এলাকা আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা ও ময়মনসিংহ এলাকার ৮১৭ কারখানা শ্রমিকদের মার্চের বেতন-ভাতা গতকাল সন্ধ্যা পর্যন্ত অপরিশোধিত ছিল।

শিল্প পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বেতন-ভাতা অপরিশোধিত থাকা কারখানাগুলোর মধ্যে ৩২ শতাংশ বা ২৬৩টি কারখানা পোশাক শিল্পের।

ছয় শিল্প এলাকায় মোট কারখানা আছে ৭ হাজার ৭০০টি। এর মধ্যে পোশাক শিল্প মালিক সংগঠন বিজিএমইএ সদস্য কারখানা ১ হাজার ৯১৫টি। পোশাক শিল্প মালিকদের আরেক সংগঠন বিকেএমইএ সদস্য কারখানা ১ হাজার ১০১টি। পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ প্রাইমারি টেক্সটাইল খাতের সংগঠন বিটিএমএ সদস্য কারখানা ৩৮৯টি। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) কারখানা ৩৬৪টি। এছাড়া অন্যান্য খাতের কারখানা আছে ৩ হাজার ৯৩১টি।

গতকাল সন্ধ্যা পর্যন্ত শিল্প পুলিশের হিসাবে দেখা যায়, বিজিএমইএ সদস্যভুক্ত ১৫৭ কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ হয়নি। আবার বিকেএমইএর সদস্যভুক্ত ১০৬ কারখানার শ্রমিকদের বেতনও অপরিশোধিত ছিল গতকাল পর্যন্ত। এ হিসাবে শুধু গার্মেন্টস খাতের ২৬৩ কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ হয়নি।

এদিকে এ শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ খাতের বিটিএমএ সদস্য ৩১ কারখানার বেতনও গতকাল সন্ধ্যা পর্যন্ত অপরিশোধিত ছিল। এছাড়া বেপজার আওতায় থাকা ১৪ কারখানার শ্রমিকদের বেতন-ভাতাও পরিশোধ করা হয়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত বেতন-ভাতা পাননি অন্যান্য খাতের ৫০৯টি কারখানার শ্রমিকরাও।

উল্লেখ্য, ছয় শিল্প এলাকায় বস্ত্র-পোশাক শিল্পের কারখানা ছাড়াও আছে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, রি-রোলিং, কেমিক্যাল, মোবাইল শিল্প সংযোজনসহ বিভিন্ন খাতের শিল্প-কারখানা।

(এএইচএন/ ২২ এপ্রিল, ২০২০)


Comment As:

Comment (0)