প্রতিদিন ৫ হাজার রোজাদারকে ইফতার বিতরণ করবেন নরসিংদীর পৌর মেয়র
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী পৌর মেয়রের উদ্যোগে ৫ হাজার রোজাদারের মধ্যে ইফতার (ভূনা খিচুরি, ডিম ভুনা, সবজি) বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় রমজানের প্রথম দিনে শহরের প্রধান প্রধান ১২টি মোড়ে এসব খাবার বিতরণ করা হয়।
শহরের স্বাধীনতা চত্ত্বর, পায়রা চত্ত্বর, মুক্তি চত্ত্বর, শাপলা চত্ত্বর, শিক্ষা চত্ত্বর, লোকমান চত্ত্বর, জেলখানা মোড়, ইউএমসি গেইট, উপজেলা মোড়সহ প্রায় ১২টি স্পটে ভাসমান, অসহায় ও দুঃস্থসহ রিকশাচালক, অটোচালকসহ বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের মধ্যে এসব ইফতার বিতরণ করা হয়।
নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো: কামরুজ্জামান কামরুল জানিয়েছেন এ কার্যক্রম চলবে পুরো রমজান মাসজুড়ে।
তিনি জানান, পুরো রমজান মাসজুড়েই প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার খেটে খাওয়া, কর্মহীন ও অসহায় মানুষর মাঝে ইফতার বিতরণ করা হবে। ইতোমধ্যে করোনা সংকট মোকাবেলায় মেয়রের উদ্যোগে পৌর এলাকার ২০ হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম চলমান অবস্থায় নতুন উদ্যোগ হিসেবে তৈরি খাবার (ইফতার) বিতরণকে যুক্ত করেছেন মেয়র। এছাড়া পৌর এলাকার যেসব মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে খাদ্যসামগ্রী সংকট রয়েছে কিন্তু বিব্রতবোধ করেন তাদের জন্য খোলা হয়েছে দুটি হটলাইন নাম্বার। এগুলো হলো-০১৯৪৬ ২৯৫৩৩৩, ০১৯৬২ ৫৩৮৩২৩। এই নম্বরে ফোন করলেই অতিগোপনে মেয়রের লোকজন ওই বাসায় বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন।
(রাজু/শামীম/২৬ এপ্রিল ২০২০)



