গভর্নর ফজলে কবিরের মেয়াদ বাড়তে পারে আরও দুই বছর
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর। সে হিসেবে বর্তমান গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হবে আগামী ৩ জুলাই। এর মধ্যেই নতুন গভর্নর নিয়োগ দিতে হবে সরকারকে। তবে নতুন কাউকে গভর্নর পদে নিয়োগ না দিয়ে ফজলে কবিরকেই বহাল রাখার বিষয়টি ভাবছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা এমনটিই জানিয়েছেন।
তারা বলছেন, করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তোলার মূল দায়িত্ব পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের ঘাড়ে। নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে নিজ দায়িত্ব পালনের চেষ্টাও করছে বাংলাদেশ ব্যাংক। এ অবস্থায় গভর্নরের মতো নীতিনির্ধারণী ও গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার ঝুঁকি না নেয়াই ভালো। এজন্য ফজলে কবিরকেই গভর্নর পদে আরো দুই বছর বহাল রাখার বিষয়টি প্রায় নিশ্চিত। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারকদের চাকরির ৬৭ বছরের বয়সসীমাকে বিবেচনায় নেয়া হচ্ছে।
রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ পদত্যাগে বাধ্য হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। ওই দিনই গভর্নর পদে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব ফজলে কবির। পরে ২০ মার্চ বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর হিসেবে যোগ দেন তিনি। সে হিসেবে চলতি বছরের ২০ মার্চ চার বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই ১৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ফজলে কবিরের মেয়াদ তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাড়ায়। আগামী ৩ জুলাই তার বয়স ৬৫ বছর পূর্ণ হবে।
১৯৭২ সালে জারি করা রাষ্ট্রপতির ১২৭ নম্বর আদেশে গঠিত হয় বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন সময়ে সংশোধিত ও পরিমার্জিত হওয়া বাংলাদেশ ব্যাংক অর্ডারকে ২০০৩ সালের ১০ মার্চ বিধিবদ্ধ করা হয়। ওই সময় অর্ডারটির ১০ বিধির ৫ উপবিধিতে সংযুক্ত করা হয় গভর্নরের মেয়াদ ও সর্বোচ্চ বয়সসীমা। এতে বলা হয়, গভর্নরের মেয়াদ হবে চার বছর। চার বছর মেয়াদ শেষে একই ব্যক্তিকে পুনরায় গভর্নর পদে নিয়োগ দেয়া যাবে। তবে নিয়োগকৃত ব্যক্তির বয়স ৬৫ বছরের বেশি হবে না।
বাংলাদেশে গভর্নর পদে নিয়োজিত ব্যক্তির বয়সসীমা নির্ধারণ করে দেয়া হলেও প্রতিবেশী কোনো দেশে এমনটি নেই। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোয়ও গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়নি। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৪-এর অধীনে পরিচালিত হয় ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এই আইনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার গভর্নর নিয়োগ দেবে। গভর্নরের মেয়াদ হবে পাঁচ বছর এবং নবায়ন করা যাবে। এক্ষেত্রে কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।
(এএইচএন/ ৩ মে, ২০২০)



