‘বিল্ডিং টুগেদার দ্য প্রোসপারিটি অব এশিয়া’ স্লোগানে এডিবির ৫০তম বার্ষিক সভা শুরু

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাপানের ইয়োকোহামায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদের ৫০তম বার্ষিক সভা। এ বছর বার্ষিক সভায় মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বিল্ডিং টুগেদার দ্য প্রোসপারিটি অব এশিয়া’।

টেকসই ও সার্বিক উন্নয়ন অর্জনে এ অঞ্চলের নাজুক খাত অবকাঠামো উন্নয়নের ক্রমবর্ধমান চাহিদাকে এ বছর গুরুত্ব দেয়া হচ্ছে। নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সবুজায়ন রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে কিভাবে উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত রাখা যায় তা নিয়ে সভায় আলোচনা হবে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উত্তর আমেরিকা ও ইউরোপসহ এ অঞ্চলের পাঁচ হাজারেরও বেশি প্রতিনিধি যোগ দিচ্ছেন এ সভায়। সভায় যোগ দিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থ ও উন্নয়ন মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নির্বাহী, সাংবাদিক, শিক্ষাবিদ এবং সুশীল সমাজ, উন্নয়ন সংগঠন ও যুব সংগঠনের প্রতিনিধিরা ইয়োকোহামায় পৌছেছেন।

শুক্রবার অনুষ্ঠিতব্য মূল সেমিনারে এ অঞ্চলের বিগত ৫০ বছরের অভিজ্ঞতার আলোকে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থ সংক্রান্ত বিষয়ে সংস্কার নিয়ে আলোচনা করা হবে।

এডিবির ৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে প্রকাশিত একটি বিশেষ প্রকাশনার ওপর বৃহস্পতিবার আলোচনা হয়েছে। এতে এডিবির ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

এই বার্ষিক সাধারণ সভায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন কর্মসূচিতে প্রাইভেট সেক্টরের ভূমিকাকে গুরুত্ব দেয়া হবে। সেমিনারে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ও সহযোগী অর্থদাতাদের ভূমিকা তুলে ধরা হবে।

স্বাগতিক দেশ জাপান আগামী ২০ বছরের প্রক্ষেপণে এশিয়ার অর্থনৈতিক সংকটের অভিজ্ঞতা নিয়ে আলোচনা এবং দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির ওপর যুবকদের একটি ইভেন্টসহ বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করবে। মূল অধিবেশন ও এডিবি প্রেসিডেন্টের সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হবে।

(এসএএম/ ০৫ মে ২০১৭)


Comment As:

Comment (0)