শহীদ আহসানউল্লাহ মাস্টার হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শহীদ আহসানউল্লাহ মাস্টারের হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তার সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি।

গাজীপুরের হায়দারাবাদে শহীদ আহসানউল্লাহ মাস্টার এমপির ১৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ দাবি করেন।

এসময় তিনি বলেন, বিএনপি-জামাত সরকারের প্রত্যক্ষ মদদে ২০০৪ সালের এই দিনে কতিপয় দুবৃত্ত আমার পিতা শহীদ আহসানউল্লাহ মাস্টার এমপিকে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে নির্মম ভাবে হত্যা করে। এটি অত্যন্ত দুঃখজনক হত্যাকান্ডের এতো বছর পার হলেও সেই সকল সন্ত্রাসীদের আজো বিচারের রায় কার্যকর হয় নি। আমি অবিলম্বে তাদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানাই।

তিনি আরও বলেন, আর্দশের কখনো মৃত্যু হয় না। আমার পিতা শহীদ আহসানউল্লাহ মাস্টার আমাদের মাঝে নেই। কিন্তু রয়েছে তার কর্ম, তার জীবনাদর্শ। তিনি ছিলেন সৎ, নির্লোভ নিরহংকার একজন নীতিবান মানুষ। তিনি সারাজীবনই সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় তাকে অকালে মৃত্যু বরণ করতে হয়েছিল। তবে তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন মানুষের অন্তরে। আমি মহান সৃষ্টিকর্তার নিকট আমার পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং দেশবাসীকে আমার পিতার জন্য দোয়া করতে বিনীত অনুরোধ করছি।

করোনা ভাইরাসের কারনে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র শাহাদাত বার্ষিকীর সকল ধরনের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। তবে পারিবারিক ভাবে টঙ্গী-গাজীপুর-২ আসনের সর্বত্র সকাল থেকে দিনব্যাপী দুস্থ-গরিব-দুঃখী ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে গ্রামের বাড়ি হায়দ্রাবাদে মরহুমের মাজার প্রাঙ্গনে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মেহের আফরোজ চুমকি এমপিসহ গাজীপুরের অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএএম/০৭ মে ২০২০)


Comment As:

Comment (0)