পলাশে করোনায় মৃত্যুবরণ করা নূর মোহাম্মদের পরিবারের ৭ সদস্য আক্রান্ত
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর পলাশ উপজেলার মাঝেরচর গ্রামের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যূবরণ করা নূর মোহাম্মদের পরিবারের ৭ সদস্যের নতুন করে করোনা পজেটিভ রির্পোট এসেছে। এ নিয়ে মৃত নূর মোহাম্মদসহ তাদের পরিবারের ৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী জানান, মাঝেরচর এলাকার নূর মোহাম্মদ করোনা উপসর্গ নিয়ে গত ৩০ এপ্রিল রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওইদিন মৃত নুর মোহাম্মদের এক ভাইয়ের নমুনা পরীক্ষায়ও পজিটিভ রিপোর্ট আসে।
তিনি জানান, পরে গত ৬মে ওই পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে পরদিন বৃহস্পতিবার রাতে ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এনিয়ে পলাশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৭ রোগী শনাক্ত হলো।
তিনি আরো জানান, করোনা শনাক্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা ভাল থাকায় নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তাদের বাড়ি লকডাউন থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না, কেউ প্রবেশও করবে না। পরবর্তীতে তারা যখন মনে করবে নমুনা সংগ্রহ করতে হবে তখন ডাক্তার নমুনা সংগ্রহ করবেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, করোনাভাইরাসে একই পরিবারের নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী । আইসোলেশন ও লকডাউন করা বাড়িতে খাদ্যসামগ্রী পুলিশ পৌঁছানোর ব্যবস্থা করবে।
(রাজু/শামীম/০৯ মে ২০২০)



